দেশের শেয়ারবাজারের সেরা আট মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রাজধানীর একটি হোটেলে গতকাল ‘পুঁজিবাজারে নারী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার-২০২৩’-এর পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৩ সালের পারফরম্যান্সের ভিত্তিতে স্টক ব্রোকার ও স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি—এ তিন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে।
স্টক ব্রোকার ও স্টক ডিলার ক্যাটাগরিতে প্রথম হয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, দ্বিতীয় পুরস্কার পেয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড ও এ ক্যাটাগরিতে তৃতীয় হয়েছে শান্তা সিকিউরিটিজ লিমিটেড।
মার্চেন্ট ব্যাংক ক্যাটাগরিতে এ বছর প্রথম হয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, দ্বিতীয় পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও তৃতীয় হয়েছে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড।
সম্পদ ব্যবস্থাপক বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ক্যাটাগরিতে ২০২৩ সালে প্রথম পুরস্কার লাভ করেছে একাশিয়া এসআরআইএম লিমিটেড। এ ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
এর বাইরে বিএসইসির তিন কর্মকর্তাকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয় একই অনুষ্ঠানে। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রকিবুর রহমান, ব্যক্তিগত কর্মকর্তা সমীর ঘোষ ও অফিস সহায়ক সুজন আলম।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিজয়ী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন। বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আবদুর রহমান খান। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, আবদুল হালিম, রুমানা ইসলাম ও এ টি এম তারিকুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, শেয়ারবাজার বিনিয়োগের ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে বড় ধরনের তফাত রয়েছে। ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা অনেক এগিয়ে থাকলেও শেয়ারবাজারে বিনিয়োগে অনেক পিছিয়ে আছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে শেয়ারবাজারে নারী বিনিয়োগকারীর সংখ্যা কমেছে। পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে নারীরা কেন পিছিয়ে রয়েছেন, তার কারণ খুঁজে বের করে প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। নারীরা যাতে শেয়ারবাজারে বিনিয়োগে এগিয়ে আসেন, তার জন্য অনুকূল পরিবেশ তৈরি করা দরকার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে শেয়ারবাজারে নারী বিনিয়োগের প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে নারী উদ্যোক্তাদের পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। তাঁরা শেয়ারবাজারে নারী বিনিয়োগকারীদের পিছিয়ে থাকার নানা কারণ তুলে ধরেন।