ফারহানা জাহান নামের এক মৎস্য কর্মকর্তা তিন বছর ধরে অফিস না করার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি ২০২০ সালের ২৮শে অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, উপজেলা মৎস্য কর্মকর্তা (রিজার্ভ) ফারহানা জাহান ২০২০ সালের ২৮শে অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও তিনি কোনো জবাব দেননি।
এরপর তাকে আবারও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, এরপর ফারহানা জাহান ২০২১ সালের ৪ঠা ফেব্রুয়ারি কারণ দর্শানোর নোটিশের জবাব দিলেও তিনি ক্রমাগতভাবে সরকারি চাকরিতে অনুপস্থিত থাকেন।
জবাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সম্পর্কে অসৌজন্যমূলক, বিভ্রান্তিকর ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য উপস্থাপন করেন। যা ভিত্তিহীন এবং সন্তোষজনক নয় মর্মে মৎস্য অধিদফতরের মহাপরিচালক মতামত দেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তার এ কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ ও ‘পলায়ন’ এর শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ। এজন্য তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এ বিষয়ে ফারহানা জাহান লিখিত জবাব দেন এবং তিনি ব্যক্তিগত শুনানিতে ইচ্ছুক নন বলে জানান।
এতে জানানো হয়, এরপর তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদনে ফারহানা জাহানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে মতামত দেন। ফলে বিধি মোতাবেক ‘চাকরি হতে বরখাস্তকরণ’ সূচক গুরুদণ্ড দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। এরপর দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। নির্ধারিত সময়ে অভিযুক্ত কর্মকর্তা ফারহানা জাহান কোনো জবাব দাখিল করেননি।
গুরুদণ্ড দেয়ার সিদ্ধান্ত রাষ্ট্রপতি থেকে সদয় অনুমোদিত হয়েছে জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও একমত পোষণ করেছে।
আরও বলা হয়েছে, ফারহানা জাহানের বিরুদ্ধে আনা অভিযোগ, বিভাগীয় মামলার তদন্ত প্রতিবেদন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামত ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনাক্রমে বর্ণিত ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ‘চাকরি থেকে বরখাস্তকরণ’ সূচক গুরুদণ্ড দেয়া হলো।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।