ব্র্যাক ব্যাংক মূলধন ভিত্তি বাড়াতে ৭০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড বাজারে ছেড়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কমপক্ষে ১০ লাখ টাকার বন্ড কিনতে পারবে।
ব্র্যাক ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় ও আন্তর্জাতিক রেটিং এজেন্সি থেকে সর্বোচ্চ রেটিং অর্জনকারী দেশের অন্যতম শক্তিশালী ও টেকসই ব্যাংকের ইস্যু করা বন্ডটি দেশের সব বিনিয়োগকারীর জন্য অত্যন্ত নিরাপদ বিনিয়োগ সুযোগ।
আকর্ষণীয় রিটার্ন রেট হওয়ায় বন্ডের গ্রাহকরা অধিক আয়ের সুযোগ পাবেন। এ ছাড়া গ্রাহকরা মুনাফার ওপর ৫ শতাংশ হ্রাসকৃত অগ্রিম আয়কর থেকে উপকৃত হওয়ার পাশাপাশি তাদের আয়ের ওপরও দিতে হবে না কোনো আবগারি শুল্ক।
এতে বলা হয়, সাত বছর মেয়াদি বন্ডটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ব্যাংক অনুমোদিত। বন্ডের কুপন ইন্টারেস্ট রেট হিসেবে ‘রেফারেন্স রেট (সর্বোচ্চ এফডিআর রেটের গড়) + ৩ শতাংশ মার্জিন’-কে নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ রেফারেন্স রেটের ভিত্তেতে কুপন রেট ছয় মাস অন্তর অন্তর পুনরায় নির্ধারণ করা হবে। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত কুপন রেট ১০ দশমিক ৯৭ শতাংশে উন্নীত হয়েছে, যা বিদ্যমান অন্যান্য বিনিয়োগ বিকল্পের তুলনায় অধিক লাভজনক। বন্ডের প্রিন্সিপাল অ্যামাউন্ট পরিশোধ শুরু হবে তৃতীয় বছর থেকে। এভাবে প্রতিবছর প্রিন্সিপাল অ্যামাউন্টের ২০ শতাংশ করে পরিশোধ করা হবে এবং বন্ডের বিনিয়োগকারীরা অর্ধবার্ষিক ভিত্তিতে কুপন ইন্টারেস্ট পাবেন।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর. এফ. হোসেন বলেন, সব বিনিয়োগকারী বিশেষত ক্ষুদ্র বিনিয়োগকারী এবং সঞ্চয়কারীদের বিনিয়োগের সুযোগ দিতে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। বন্ডের বিনিয়োগকারীদের আকর্ষণীয় সুবিধা দিতে ইন্ডাস্ট্রিতে বিদ্যমান এফডিআর রেটের তুলনায় ৩ শতাংশ বেশি সুদ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ‘বছরের পর বছর ব্র্যাক ব্যাংক আস্থা ও নির্ভরতায় এমন একটি উচ্চতায় পৌঁছে গিয়েছে, যেখানে গ্রাহকরা নিশ্চিন্তে ব্যাংকে তাদের অর্থ বিনিয়োগ করতে পারেন। এ কারণেই আমরা গ্রাহক ও বিনিয়োগকারীদের এই সুবর্ণ বিনিয়োগ সুযোগ নিতে উৎসাহিত করছি, যা তাদের একটি নিরাপদ আর্থিক ভবিষ্যৎ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।