দেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের শার্শা উপজেলার বেনাপোল দিয়ে ভারত থেকে পাঁচটি চালানে ১২৬০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে।
গতকাল শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন ভারতীয় চাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন, রবিবার (২৪ আগস্ট) ৬টি ট্রাকে ২১০ মেট্রিক টন, বুধবার (২৭ আগস্ট) দুটি চালানে ১২ ট্রাকে ৪২০ মেট্রিক টন, বৃহস্পতিবার (২৮ আগস্ট) ৩ ট্রাকে ১০৫ মেট্রিক টন, গতকাল শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ৬ ট্রাকে ২১০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এ নিয়ে ৫ চালানে মোট আমদানি হয়েছে ১২৬০ মেট্রিক টন চাল।
আমদানিকারকরা বলেন, ‘দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে বড় আকারের চাল আমদানি শুরু করেছে। এর ফলে অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমে আসার আশা করা হচ্ছে।’