শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি (PRIMEBANK) ইসলামিক পেরোল ব্যাংকিং নামে নতুন সেবা চালু করেছে।
শরীয়াহভিত্তিক আর্থিক সেবার চাহিদা পূরণে হাসানাহ পেরোল ব্যাংকিং নামে এই সেবা চালু করলো ব্যাংকটি।
হাসানাহ পেরোল ব্যাংকিং এই সেবাটি এমন ভাবে ব্যবসা প্রতিষ্ঠানের পেরোল পরিচালনা করতে সক্ষম, যা ইসলামী নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং প্রতিষ্ঠানের কর্মীদের নৈতিক ও শরীয়াহভিত্তিক ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করবে।
প্রাইম ব্যাংক পিএলসির নতুন এই ইসলামিক পেরোল ব্যাংকিং সেবা ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো কর্মচারীদের ইসলামিক অ্যাকাউন্টে সরাসরি বেতন পাঠাতে পারবে। এছাড়াও এই সেবার মাধ্যমে গ্রাহকরা শূন্য ব্যালেন্স দিয়ে একাউন্ট ওপেন করতে পারবে, নূন্যতম ব্যালেন্স প্রয়োজন হবে না, সেভিংস অ্যাকাউন্টে দৈনিক ভিত্তিতে মুনাফার সুযোগ, অ্যাকাউন্ট পরিচালনায় কোনও ফি লাগবে না, ইন্টারনেট ব্যাংকিং সুবিধা (মাইপ্রাইম), রিয়েল টাইমে বেতন বণ্টণ প্রমুখ সুবিধা উপভোগ করতে পারবেন।
প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম এ. চৌধুরী বলেন, ‘বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং সেবার বিস্তারে প্রাইম ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রাইম হাসানাহ পেরোল ব্যাংকিং সেবা চালু সেই প্রতিশ্রুতির অংশ। আমরা দেশব্যাপী ১৪৬টি শাখার মাধ্যমে এসএমই ও কর্পোরেট গ্রাহকদের ক্রমবর্ধমান ইসলামিক ব্যাংকিং সেবার চাহিদা পূরণ করবো।
প্রাইম ব্যাংক পিএলসি ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।ব্যাংকটির অনুমোদিত মূলধন ২,৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১৩২ কোটি ২৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৯৬৩ কোটি ৫৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৪৭৭। এর মধ্যে ৪১.০১ শতাংশ রয়েছে পরিচালকদের হাতে। বিদেশী বিনিয়োগকারীদের হাতে রয়েছে ০.৩৩ শতাংশ, এছাড়া ৩৭.৪৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ২১.২৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।