অভিনয়ের জোরে দেশের পর ভিনদেশের ইন্ডাস্ট্রিতেও যে পাকা অবস্থান গড়লেন জয়া আহসান। কলকাতা তথা টলিউডে এখন ঢাকাজয়ী এই অভিনেত্রীর জয়জয়কার। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন ছবি ‘অর্ধাঙ্গিনী’। মুক্তির পর থেকে প্রশংসাও মিলছে ঢের। কিন্তু বক্স অফিসের কী হাল? কেমন আয় করছে ছবিটি? সেই তথ্যই জানা গেলো এবার।
গতকাল সোমবার (১২ই জুন) টলিবাংলা বক্স অফিস একটি রিপোর্ট দিয়েছে ‘অর্ধাঙ্গিনী’র। সেখানে বলা হয়েছে, মুক্তির ১০ দিনে ছবিটি ১ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকার মতো। এর মাধ্যমে ছবিটিকে ‘সুপারহিট’ তকমা দিয়েছে প্ল্যাটফর্মটি।
২রা জুন ভারতের বিভিন্ন প্রদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘অর্ধাঙ্গিনী’। এরপর থেকেই বিভিন্ন হলে ছবিটি হাউজফুল যাচ্ছে। প্রতিদিনই আসছে হাউজফুলের খবর আর দর্শকের মুগ্ধতার বার্তা। রবিবার (১১ই জুন) ছবি মুক্তির দশম দিনে কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দারাবাদ ও পুনেসহ বিভিন্ন স্থানে ৫৭টি শো অলমোস্ট হাউজফুল ছিল বলে জানা গেছে।
দর্শকের এমন সাড়ায় আপ্লুত জয়া আহসান। ছোট্ট বার্তায় বললেন, ‘এ এক আলাদা তৃপ্তি। দর্শককে ধন্যবাদ এতো ভালোবাসা দেওয়ার জন্য।’
টলিউডের সমালোচকরা বলছেন, কনটেন্ট যে আসল রাজা, সেটাই ফের প্রমাণ করলো ‘অর্ধাঙ্গিনী’। ছবির গল্প, নির্মাণশৈলি কিংবা শিল্পীদের অভিনয়, সবেতেই মিলছে প্রশংসা। এ বিষয়ে ছবিটির নির্মাতা কৌশিক গাঙ্গুলি বলেছেন, ‘চিমটি কেটে দেখার মতো, সত্যি কিনা! আজ এটাই সত্যি! আমার মতো শখের গল্পকার যে কি না সিনেমাওয়ালার মুখোশ পরে প্রায় ২৯টা ছবি বানিয়ে ফেললো! তার এমন একটা দিন তো স্বপ্নের। আমি বিহ্বল হইনি, কেবল ভেবেছি আমার দর্শকদের মনকে হয়তো একটু বেশি করে ছুঁতে পারলাম এই ছবিতে। কৃতজ্ঞতা জানবেন।’
দাম্পত্য জীবনের ব্যতিক্রম গল্প ‘অর্ধাঙ্গিনী’। যেখানে এক ব্যক্তির বর্তমান ও প্রাক্তন স্ত্রীর মধ্যে ভিন্ন রসায়ন ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন, অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী প্রমুখ। অর্ধাঙ্গিনী ট্রেলার
সূত্র: হিন্দুস্তান টাইমস
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।