বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। চলতি মার্চ মাসে এখন পর্যন্ত ২৭৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে এক মাসে আসা সর্বোচ্চ।
ধারাবাহিকভাবে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় এ অর্জন সম্ভব হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, মার্চের প্রথম ২৪ দিনে প্রতিদিন গড়ে ১১ কোটি ৪৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। মাসের বাকি সাত দিন এই প্রবাহ বজায় থাকলে মার্চের রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
বিশ্লেষকরা বলছেন, সরকার অর্থপাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ায় হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানোর প্রবণতা কমেছে, ফলে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এছাড়া, পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীরা দেশে পরিবারের জন্য অতিরিক্ত অর্থ পাঠাচ্ছেন।
রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে শুধু মার্চেই নয়, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ২৪ মার্চ পর্যন্ত মোট ২, ১২৪ কোটি ডলার দেশে এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৭.৭০ শতাংশ বেশি। এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার ও ২০২০ সালের জুলাই মাসে ২৬০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল পূর্বের সর্বোচ্চ রেকর্ড।
চলতি অর্থবছরের প্রতি মাসেই দুই বিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছে। জুলাইয়ে ১৯১ কোটি, আগস্টে ২২২ কোটি, সেপ্টেম্বরে ২৪০ কোটি, অক্টোবরে ২৩৯ কোটি, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি এবং ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ডলার রেমিট্যান্স আসে।
প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া, রিজার্ভের ইতিবাচক প্রবণতা টাকার বিনিময় হার ও সামগ্রিক অর্থনীতিতে স্বস্তি এনে দিচ্ছে। সরকারের পদক্ষেপ ও প্রবাসীদের নিরবচ্ছিন্ন অবদানের ফলে এই ধারা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।