সিএনএনের সংবাদে বলা হয়েছে যে, বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা চালু করেছে চীন। ধারণা করা হচ্ছে, বর্তমান নেটওয়ার্কের চেয়ে কয়েক গুণ দ্রুত হবে এই ইন্টারনেট। এই ইন্টারনেটের গতি সেকেন্ডে ১ দশমিক ২ টেরাবাইট, অর্থাৎ এক সেকেন্ডে ১৫০টি সিনেমার সমপরিমাণ ফাইল স্থানান্তর করা সম্ভব। তবে এই গতি কাগজে-কলমে; বাস্তবে গ্রাহক পর্যায়ে হয়তো তা পাওয়া যাবে না। চীনের কোম্পানি হুয়াওয়ে এ তথ্য জানিয়েছে।
গ্রাহকেরা সেকেন্ডে ১ দশমিক ২ টেরাবাইট গতি না পেলেও বর্তমান নেটওয়ার্কের চেয়ে উচ্চগতির ইন্টারনেটের সুবিধা মানুষ ভোগ করবে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, স্টক ব্যবসা—এসব ক্ষেত্রে উচ্চগতির ইন্টারনেটের তাৎপর্য আছে। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও এর প্রভাব অনুভূত হবে।
চলতি সপ্তাহে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হুয়াওয়ে ও চায়না মোবাইল আনুষ্ঠানিকভাবে এই ইন্টারনেট সেবা চালু করেছে। বেইজিংয়ের সিংঘুয়া বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা ও গবেষণা নেটওয়ার্ক কারনেটের সঙ্গে যৌথভাবে এ নেটওয়ার্ক চালু করেছে তারা। এটাকে বলা হচ্ছে ব্যাকবোন নেটওয়ার্ক, যা ফাইভ–জি প্রযুক্তি সমর্থন করবে। সেই সঙ্গে এর কল্যাণে বৈদ্যুতিক গাড়ি থেকে দ্রুতগতিতে তথ্য স্থানান্তর করা সম্ভব হবে।
হুয়াওয়ে ও চায়না মোবাইলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেইজিং ও দেশটির দক্ষিণাঞ্চলের মধ্যে ১ হাজার ৮০০ মাইল অপটিক ফাইবার কেব্লের মাধ্যমে এ সংযোগ স্থাপন করা হয়েছে। দেশের অন্যান্য স্থানে তা সম্প্রসারণ করা হবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
চলতি বছরের গ্রীষ্মকালে এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়। নির্ধারিত সময়ের দুই বছর আগেই এ ইন্টারনেট নেটওয়ার্ক চালু হয়ে গেল।
সিএনএনের সংবাদে বলা হয়েছে, এই ইন্টারনেটের যে গতির কথা বলা হয়েছে, তা মূলত ইন্টারনেটের অবকাঠামোর, গ্রাহক পর্যায়ে তা পাওয়া যাবে না। সে জন্য এআই, সেমিকন্ডাক্টর ও অন্যান্য বেতার প্রযুক্তিতে চীন যেভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা করছে, এ ক্ষেত্রে তারা সেভাবে প্রতিযোগিতা করতে পারবে না। এতে বিপুল পরিমাণে ব্যান্ডউইথড পাওয়া যাবে, সে জন্য চীনভিত্তিক ব্যবসায়ীদের জন্য তা সহায়ক হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।