পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি (CVO Petrochemical Refinery PLC) ২০২৫-২০২৬ অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যে (এনএভি) প্রবৃদ্ধি অর্জন করেছে। একই সঙ্গে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত কোম্পানির ১৪০তম পর্ষদ সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে লভ্যাংশ অনুমোদনের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৯৩ পয়সা। আগের অর্থবছরে (২০২৪-২০২৫) এ আয় ছিল ৩ টাকা ৫০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় বেড়েছে ১ টাকা ৪৩ পয়সা।
এদিকে, কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২৭ টাকা ৭৯ পয়সা থেকে বেড়ে ৩১ টাকা ৭৫ পয়সায় দাঁড়িয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, কোম্পানির মোট নিট সম্পদ মূল্য ৯৬ কোটি ১০ লাখ ৯৩ হাজার ৮৮৯ টাকা।
এজিএম ও রেকর্ড ডেট
ঘোষিত নগদ লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর ২০২৬, সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সভাটি হাইব্রিড পদ্ধতিতে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার দ্য কিং অব চিটাগাংয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার।
কোম্পানির পক্ষ থেকে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে নিবন্ধিত ব্যাংক হিসাবের তথ্য ও রাউটিং নম্বর হালনাগাদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এতে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশ গ্রহণ সহজ হবে।
আগামীকাল রবিবার কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে অর্থাৎ আগামীকাল কোম্পানিটির দাম যত খুশি বাড়তে বা কমতে কোন বাধা নেই।