যুক্তরাষ্ট্র তার দেশে এবার ডিমের সংকট কাটাতে ইউরোপের কাছে সাহায্য চেয়েছে। দেশটিতে বর্তমানে তীব্র ডিম সংকট! দাম বেড়েছে রেকর্ড হারে। এ অবস্থায় ইউরোপের একাধিক দেশের কাছে সাহায্যের আবেদন পাঠিয়েছে মার্কিন প্রশাসন।
পাল্টাপাল্টি শুল্কারোপ নিয়ে ইউরোপের দেশগুলোর সঙ্গে টানাপোড়েনের মধ্যেই এ সহায়তা চাইল ওয়াশিংটন।
একে সরবরাহ কম তার ওপর চড়া দাম। যুক্তরাষ্ট্রে ডিমের দাম আকাশচুম্বী হওয়ায় বিপাকে পড়েছেন দেশটির বাসিন্দারা। কয়েক মাসে ১০ দশমিক ৪ শতাংশ এবং বছরে ৫৮ দশমিক ৮ শতাংশ পর্যন্ত দাম বেড়েছে। সংকট মোকাবিলায় ইউরোপের দেশগুলোর দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরেই যুক্তরাষ্ট্রে ডিমের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা।
এ অবস্থায় ডেনমার্ক, সুইডেন ও ফিনল্যান্ডের কাছে ডিম চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে মার্কিন প্রশাসন। পাল্টাপাল্টি শুল্কারোপ নিয়ে ইউরোপের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই ডিম চেয়েছে ওয়াশিংটন। তবে ইউরোপের দেশগুলোই ডিম সংকটে, তাই রফতানি নিয়ে শঙ্কা রয়েছে। সুইডেনের বৃহত্তম ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্রোনাগ বলছে, তারা ইউরোপের বাজারকেই অগ্রাধিকার দেবে।
তারা বলেন, ইউরোপের অনেক দেশেই ডিমের সংকট চলছে। যুক্তরাষ্ট্রে রফতানির আগে আমাদের নিজেদের বাজারের চাহিদা মেটানো জরুরি।
নরওয়ে বলছে, তারা মার্চের শুরুতেই যুক্তরাষ্ট্রের অনুরোধ পেয়েছে। তবে বেশিরভাগ ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান দেশটিতে রফতানির বিপক্ষে। ইউরোপে বার্ড ফ্লু মহামারি আকার ধারণ করায় ফ্রান্সেও ডিমের সংকট।
এদিকে, তুরস্ক যুক্তরাষ্ট্রকে ৪২ কোটি ডিম সরবরাহের পরিকল্পনা করছে। ইন্দোনেশিয়া থেকেও ডিম কেনার চেষ্টা চলছে বলে জানা গেছে।