আজ শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের সিরিজ, তিনটি ম্যাচই চট্টগ্রামে। দুই দলের মধ্যে এটি মাত্র তৃতীয় ওয়ানডে সিরিজ। প্রথম দুটি সিরিজেই জয়ী দলের নাম বাংলাদেশ।
বিশ্বকাপের আগে এশিয়া কাপ ছাড়া আর শুধু নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আছে। সেটি হবে বিশ্বকাপের ঠিক আগেই। এই দুই সিরিজে বিশ্বকাপের দলটিরই খেলার সম্ভাবনা বেশি। পরীক্ষা-নিরীক্ষা কিছু করতে চাইলে তাই শেষ সুযোগ এই সিরিজ।
তবে বাংলাদেশ কোচ এটাকে পরীক্ষা-নিরীক্ষা হিসাবে দেখাতে চান না। তিনি অন্য খেলোয়াড়দের ইনজুরি কিংবা অন্যভাবে ছিটকে যাওয়ার শঙ্কা থেকে শক্তির গভীরতা বাড়াতে চান। ভালো বিকল্প ক্রিকেটার রাখতেই নাঈম শেখ-আফিফ হোসেনদের ঝালিয়ে দেখবেন এক বা দুটি ম্যাচে।
সিরিজে ব্যাটিং বিভাগে নাঈম শেখ ও আফিফ হোসেন সুযোগ পেয়েছেন। পেস বোলারদের তালিকাও বেশ লম্বা। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদরা আছেন পেস আক্রমণে। রসদ পূর্ণ থাকায় সিরিজ জয়ের পাশাপাশি দলের সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর পরিকল্পনা তামিম ইকবালদের।

তার পরেও ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক বলে গেছেন, ‘জিততে তো অবশ্যই চাইবো, এটাই সবার আগে। এই একটা সিরিজে আমরা চেষ্টা করবো সবাইকে একবার হলেও সুযোগ দিতে। তবে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। অবশ্যই চেষ্টা করবো বিশ্বকাপের আগে তাকে (নাঈম) কিছু গেম টাইম দেওয়ার। সে নেটে অনেক ভালো খেলছে, দেখে অনেক ভালো মনে হচ্ছে। যদি ওরকম সুযোগ আসে, অবশ্যই এটা নিয়ে আমরা ভাববো। কখনও চাই না কেউ সরাসরি বড় ইভেন্টে গিয়ে ম্যাচ খেলুক। তার আগে যদি ২-৩ টা ম্যাচে সুযোগ দিতে পারি, তাদের জন্য ভালো হয়।’
এদিকে, পর্যাপ্ত সময় পেলেও অধিনায়ক তামিম এখনও পুরোপুরি ফিট হতে পারেননি। তবে শতভাগ ফিট না হলেও আজ প্রথম ওয়ানডে খেলবেন বলেই জানিয়েছেন তিনি। এছাড়া ইনজুরি কাটিয়ে ওয়ানডে দলে ফিরছেন সাকিব আল হাসানও। সবমিলিয়ে প্রথম ওয়ানডেতে কোনও ঝুঁকি নিবে না বাংলাদেশ। পুরো শক্তির দল নিয়েই স্বাগতিকরা ২২ গজে নামবে।
অপর দিকে, আফগানিস্তানের বড় তারকা রশিদ খান টেস্ট ম্যাচে ছিলেন না। তার ফেরাতে দলের শক্তি অনেক খানিই বেড়েছে। রশিদের সঙ্গে রঙিন পোশাকের পরিচিত পারফর্মাররাও দলে ঢুকেছেন। বাংলাদেশকে কখনও সহজে জিততে দেয়নি তারা। এবারও সেটা দিতে চায় না। দলটির অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী বলেছেন, ‘টেস্ট ম্যাচ আমাদের অনেক শিক্ষা দিয়েছে। এখন ভালোভাবে প্রস্তুত। আবু ধাবিতে ১৫ দিনের ক্যাম্প করেছি। টেস্টে যা করতে পারিনি, এবার আমরা সবকিছুর জন্যই প্রস্তুত।’
ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে বাংলাদেশের সামনে সুযোগ হবে র্যাঙ্কিংয়ের ৫ নম্বরে ওঠার। এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান ৭ নম্বরে। দুই দলের সবশেষ ৫ ওয়ানডে লড়াইয়ে বাংলাদেশ জিতেছে চারটিতেই। স্বাভাবিক ভাবেই কিছুটা আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশ মাঠে নামবে। তবে বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ এই সিরিজটি বৃষ্টির বাধার মুখেও পড়তে পারে। আজ চট্টগ্রামে ম্যাচ শুরু দুপুর দুই টায়, ম্যাচের সময়টাতে ৩০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব ছাপিয়ে জমজমাট ম্যাচেরই প্রত্যাশা।
দুই দল এখন পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে। জয়ের পাল্লা ভারি বাংলাদেশের। ৭ জয়ে এগিয়ে থাকা লাল-সবুজ দল বিশ্বকাপের আগে পাল্লা ভারি করবে নাকি আফগানিস্তান এগিয়ে যাবে- সেটা সময়ই বলে দেবে। তবে আজ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যেন দুই দলের কাছে বিশ্বকাপের সুপার ড্রেস রিহার্সেল!
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।