আজ বৃহস্পতিবার (১৩ জুন) বিশ্বকাপ ক্রিকেট টি-টুয়েন্টিতে রাত সাড়ে ৮টায় ওয়েস্ট ইন্ডিজের আর্নোস ভ্যালে গ্রাউন্ডে মাঠে হবে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ।
পরের পর্বে যাওয়ার জন্য এই ম্যাচে জয় দরকার লাল-সবুজের প্রতিনিধিদের। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। তাতে বেশ ভালো ভাবে এগিয়ে রয়েছে টাইগার বাহিনী। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের কারণে বাকি ম্যাচগুলো থেকে জয় তুলে নেওয়ার বিকল্প নেই।

বিশ্বকাপের মূল মঞ্চে পা রাখার আগে আলোচনা-সমালোচনায় জর্জরিত হয়েছিল টাইগার বাহিনী। প্রথমত যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, দ্বিতীয়ত প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ভরাডুবি—এ দুই ঘটনায় বেশ চাপে পড়েছিলেন শান্তরা।
তবে মূল পর্বে জয় দিয়ে শুরু করায় স্বস্তি ফিরে আসে দলের মধ্যে। এইডেন মার্করামদের বিপক্ষে প্রতিযোগিতামূলক ক্রিকেট হাজির করায় আরো আত্মবিশ্বাস ফিরেছে। ম্যাচটি দুর্ভাগ্যজনকভাবে না হারলে শক্ত অবস্থানে থাকত বাংলাদেশ।
আজকের ম্যাচে জয় তুলে নিতে পারলে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হবে। আর শেষ ম্যাচে নেপালকে হারালে শেষ আটে উঠে যাবে বাংলাদেশ।
গত কয়েক বছর ধরে আলোচনায় রয়েছে বাংলাদেশের ব্যাটিং টপ অর্ডার। ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডারের আগে তেমন কেউ ধারাবাহিক হতে পারছেন না। নিয়মিত ব্যর্থতার চিত্র দেখতে হচ্ছে।
এর মধ্যে নতুনভাবে আলোচনায় এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রোটিয়াদের বিপক্ষে ব্যাট কিংবা বল, কোনো বিভাগেই সাড়া ফেলতে পারেননি। নামের প্রতি সুবিচার করা দূরের কথা, সামাজিক মাধ্যমে অনেকে তো ক্ষোভ প্রকাশ করে তাকে একাদশ থেকে বাদ দেওয়ার কথা বলেছেন।
তবে অনেকে মনে করেন, দলের সঙ্গে এমন অভিজ্ঞ ক্রিকেটার রাখা দোষের নয়। ফর্ম দিয়ে না হলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে তারা সহায়তা করতে পারেন।
কথা শুধু সাকিব নয়, অধিনায়ক শান্ত ও ওপেনার লিটন দাসকে নিয়েও হচ্ছে।
ধারাবাহিক ব্যর্থতার চিত্রায়ণ করে যাচ্ছেন বাংলাদেশের কাপ্তান শান্ত। সবশেষ ১০ ম্যাচে তার মোট রান ১২০। এর মধ্যে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস রয়েছে। পাঁচ ম্যাচে দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। তাতে দলের জয়ের পাশাপাশি শান্ত ও সাকিবের ব্যাটে রানের ফোয়ারা দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। সবাই জানেন, এ দুই ব্যাটার জ্বলে উঠলে বিশ্বের কোনো দল বাংলাদেশকে হারাতে পারবে না।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।