সারাদেশে চলমান তাপপ্রবাহের কারণে বন্ধ ছিল প্রাথমিক বিদ্যালয়। তবে আগামী রোববার (৫ই মে) থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়। এমনটা জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
উচ্চ আদালতের নির্দেশে আজ (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। তবে আগামী রোববার থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এছাড়া মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে,‘শিখন ঘাটতি কাটাতে শনিবার অস্থায়ীভাবে বিদ্যালয় পর্যায়ে পাঠদান অব্যাহত আছে। শুক্রবার প্রতিষ্ঠান খোলা রাখার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।’
এর আগে,গত মঙ্গলবার (৩০শে এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী নুওফেল বলেছিলেন, বাংলাদেশের একেক অঞ্চলের তাপমাত্রা একেক রকম। এখন উত্তর-পূর্বাঞ্চল ও হাওড় এলাকার তাপমাত্রা কম। তবে অতি বৃষ্টিতে কয়েকদিনের মধ্যেই সেখানে বন্যার কারণে পাঠদান বন্ধ রাখতে হবে। এ জন্য প্রয়োজনে প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন ছুটির কারণে লার্নিং গ্যাপ কমাতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে।
তিনি আদালতের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘নির্বাহী বিভাগ বিভিন্ন এলাকার পাঠদান বিষয়ে আবহাওয়া দফতর এবং স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে সমন্বয় করে নির্দেশনা দিয়ে আসছে। তবে স্বতঃপ্রণোদিত সিদ্ধান্ত এলে আমাদের কাজের ব্যাঘাত ঘটে। যদিও আমরা আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।