শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি মাগুরার শ্রীপুর ও ময়মনসিংহের ভালুকায় ব্যবসা সম্প্রসারণের জন্য জমি কিনবে। একই সঙ্গে ময়মনসিংহের বোরাড়োবায় জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
জমি ক্রয়-বিক্রয়ের বিষয়টি এরই মধ্যে কোম্পানিটির পর্ষদে অনুমোদন করা হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে রানার অটোমোবাইলস।
তথ্যানুসারে, ব্যবসা সম্প্রসারণে শ্রীপুরে ৩৭৪ শতাংশ ও ভালুকায় ৪০৭ শতাংশ জমি কিনবে রানার অটোমোবাইলস। এছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে বোরাড়োবায় কোম্পানিটি ৫৫২ শতাংশ জমি বিক্রি করবে। তবে জমি কিনতে কত টাকা ব্যয় এবং বিক্রি করে কত টাকা আয় হবে সে সম্পর্কে কিছু জানায়নি কোম্পানিটি। এদিকে জমি ক্রয়-বিক্রয়ের তথ্য দাখিলে বিলম্ব হওয়ার বিষয়ে রানার অটোমোবাইলসের কাছে ব্যাখ্যা চেয়েছে ডিএসই।
রানার অটোমোবাইলস পিএলসি ২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়, কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৫৪ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪৩৮ কোটি ৩৮ লাখ টাকা।মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৩৫ লাখ ৩৯ হাজার ৯৩২। এর মধ্যে ৪৬.৯৩ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫.৩১ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে বাকি ২৭.৭৬ শতাংশ শেয়ার রয়েছে।