বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক সিনিয়র সচিব এম আসলাম আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাঁকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ৩ বছর বা তাঁর বয়স ৬৭ বছর পূর্তির মধ্যে যেটি আগে, সেই সময় পর্যন্ত তাঁকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
জানা গেছে আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন ।
এম আসলাম আলম ২০১২ সালের নভেম্বরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে যোগ দেন। তিন বছরের বেশি সময় বিভাগটির সচিব ছিলেন তিনি। আসলাম আলম আইডিআর এর পদত্যাগী চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীর স্থলাভিষিক্ত হবেন। ২০২২ সালের ১৫ জুন তিন বছরের জন্য নিয়োগ পেয়ে মোহাম্মদ জয়নুল বারী গত বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের ১৪ জুন।
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান এম আসলাম আলম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যম কর্মীদের জানান, ‘ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে আসা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যে আমাকে নতুন দায়িত্ব দিয়েছে, আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করব। আমার চেষ্টা থাকবে আন্দোলনের চেতনার প্রতি শ্রদ্ধা রেখে বিমা খাতের জন্য কিছু করা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।