বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
এ নিয়ে বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হোটেল র্যাডিসন ব্লুতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অনাড়ম্বর অনুষ্ঠানে বিমানের পক্ষে পরিচালনা বোর্ডের চেয়ারম্যান রুমি এ খান এবং এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী, বিমান চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ সংগ্রহ করবে। এর মধ্যে এ৩৫০-৯০০ মডেলের উড়োজাহাজগুলো দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে এ৩২১নিও উড়োজাহাজগুলো আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে পরিচালনা করা হবে।
এর আগে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরবর্তী সময়ে ওই পরিকল্পনায় আরও ১১টি বোয়িং যুক্ত করা হয়। ফলে সব মিলিয়ে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে বিমানের।