পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে সরকারের এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনকালে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, শান্তিশৃঙ্খলা রক্ষা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান বিবেচনা। এর ওপরই নির্ভর করে সরকারের সফলতা-ব্যর্থতা। আর সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
আজ থেকে শুরু হওয়া এবারের জেলা প্রশাসক সম্মেলন চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সম্মেলনে বিভিন্ন অধিবেশন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, দিকনির্দেশনা গ্রহণ এবং সমাপনী অনুষ্ঠানসহ মোট ৩৪টি কার্য ও অধিবেশন থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতি বছর সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিতে জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে এবারের সম্মেলনে উপদেষ্টা-সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে ডিসিদের দেওয়া প্রস্তাব নিয়েও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা প্রশাসকরা সরকারের মাঠপর্যায়ের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন। ফলে সরকারের নীতিনির্ধারণী বিষয় ছাড়াও উন্নয়ন কর্মসূচিসহ অন্যান্য বিষয় মাঠপর্যায়ে বাস্তবায়নে জেলা প্রশাসকরা সমন্বয়কের দায়িত্ব পালন করে থাকেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।