দেশে দীর্ঘমেয়াদে যাতে দেশে জ্বালানির সংকট না হয়, সেজন্য আজ রোববার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে বলে আগেই জানিয়েছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
গত শুক্রবার (৬ মার্চ) পরীবাগের পেট্রোল পাম্প পরিদর্শন শেষে এসব কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ বিষয়ে লিখিত নির্দেশনা পেট্রোল পাম্পগুলোকে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
তবে এরইমধ্যে পাম্পগুলো নিজেদের মতো করে রেশনিং করে তেল বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। পাম্পগুলোর সামনে দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শনিবার (৭ মার্চ) বলেন, ‘রোববার থেকে আমরা মোবাইল কোর্ট নামিয়ে দেব। সংকটের কোনো সুযোগ নেই। তবে যুদ্ধ কতদিন চলবে সেটা নিয়ে অনিশ্চয়তা আছে। সেহেতু রেশনিং করা হবে। তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। পর্যাপ্ত মজুদ আছে। এবং আগামী ৯ তারিখে আরও দুটি ভেসেল আসছে।’