ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দফতরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৩৪ জন রুশ কর্মকর্তা নিহত হয়েছেন। ইউক্রেনের দাবি, গত সপ্তাহের হামলায় নিহতদের মধ্যে একজন জ্যেষ্ঠ নৌ কর্মকর্তাও রয়েছেন।
পাল্টা আক্রমণ শুরুর পর ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইউক্রেন। ক্রিমিয়াকে অস্থির করে তোলার পাশাপাশি আবারও ইউক্রেনের ভূখণ্ডে যুক্ত করতে প্রায়শই হামলা চালাচ্ছে জেলেনস্কির বাহিনী। প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, যে কোনও মূল্যেই হোক হারানো ক্রিমিয়াকে পুনরুদ্ধার চাই।
গত সপ্তাহে সেভাস্তোপোলে রাশিয়ার নৌ সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। যেখানে রুশ কর্মকর্তাদের বৈঠক চলছিল। এ ঘটনায় ব্যাপক প্রাণহানি ঘটে। ইউক্রেনের স্পেশাল ফোর্স বলেছে, কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডারসহ ৩৪ জন কর্মকর্তা নিহত হন। অপর ১০৫ জন দখলদার আহত হয়েছেন। হামলার লক্ষ্য ছিল নৌবাহিনীর নেতৃত্বাধীন বৈঠকটি।
ইউক্রেনে যুদ্ধ চলা অবস্থায় এতজন কর্মকর্তা হারানো মস্কোর সামরিক বাহিনীর জন্য বড় ধাক্কা। যদিও ক্রেমলিন এখনও এই ঘটনার সত্যতা স্বীকার করেনি।
এর মধ্যে সোমবার রাতে টেলিগ্রামে রুশ গভর্নর মিখাইল রাজভোজায়েভ দাবি করেছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেভাস্তোপোলে আরও একটি ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। বেলবেক সামরিক বিমানঘাঁটির কাছেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত হয়। এ ঘটনায় ইউক্রেনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।