গ্রাহকদের দৈনন্দিন লেনদেন ও ভ্রমণসুবিধা আরও সহজ করতে আনুষ্ঠানিকভাবে ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে সিটি ব্যাংক। জামানতযুক্ত ও জামানতবিহীন, উভয় ধরনের সুবিধায় কার্ডটি পাওয়া যাবে। দেশীয় ও আন্তর্জাতিক উভয় ধরনের লেনদেনের জন্য ব্যবহার করা যাবে নতুন এ ক্রেডিট কার্ড।
আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে কার্ডটির জন্য আবেদন করা যাবে।
সম্প্রতি ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কার্ডটির উদ্বোধন করা হয়। সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ এবং আমেরিকান এক্সপ্রেস ব্যাংকিং করপোরেশনের দক্ষিণ এশিয়া ও ফ্রেঞ্চ টেরিটরি অঞ্চলের গ্লোবাল নেটওয়ার্ক সার্ভিসেসের পরিচালক কুরুশ দাস্তুর এবং সাউথ এশিয়া অঞ্চলের নেটওয়ার্ক পার্টনারশিপসের সিনিয়র ম্যানেজার পুনিত মাথুর যৌথভাবে কার্ডটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুর রহমান, কাজী আজিজুর রহমান, মাহিয়া জুনেদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. অরূপ হায়দারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম তিন মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা ক্যাশব্যাক
কার্ড চালুর প্রথম তিন মাসে নির্দিষ্ট পরিমাণ খরচের বিপরীতে গ্রাহকরা ৫ শতাংশ ক্যাশব্যাক, সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত, পাওয়ার সুযোগ পাবেন। বিকল্প হিসেবে ৫ হাজার টাকা মূল্যের ভ্রমণ লাগেজ ভাউচারও নেওয়া যাবে।
বিমানবন্দরে লাউঞ্জ সুবিধা
ভ্রমণপ্রিয় গ্রাহকদের জন্য কার্ডটিতে রয়েছে বিভিন্ন সুবিধা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এক্সপ্রেসের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ লাউঞ্জে সর্বোচ্চ দুজন সঙ্গীসহ বিনামূল্যে প্রবেশের সুবিধা থাকবে।
এ ছাড়া বিশ্বের নির্ধারিত বিমানবন্দরগুলোতে বছরে ১২ বার পর্যন্ত বিনামূল্যে লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা।
আন্তর্জাতিক এটিএম ব্যবহারে নেই টাকা তোলার ফি
কার্ডধারীরা আন্তর্জাতিক এটিএম থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে কোনো ফি ছাড়াই লেনদেন করতে পারবেন। পাশাপাশি বিমানবন্দরে বিনামূল্যে বিশেষ সেবা, ফ্লাইট টিকিট ও হোটেল বুকিংয়ে সাশ্রয় এবং গো-জায়ানের মাধ্যমে টিকিট কেনার ক্ষেত্রে বিশেষ ভ্রমণ বিমা সুবিধাও পাওয়া যাবে।
প্রতি ১০০ টাকা খরচে ৩ রিওয়ার্ড পয়েন্ট
কার্ড সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ ডলার খরচে ৩টি রিওয়ার্ড পয়েন্ট পাবেন। এসব রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে উপহার ভাউচার কেনা অথবা বার্ষিক ফি মওকুফের সুবিধা নেওয়া যাবে।
এ ছাড়া সাপ্তাহিক ছুটির দিনে বিভিন্ন আন্তর্জাতিক হোটেলে ‘একটি কিনলে একটি বিনামূল্যে’ বুফে খাবারের সুবিধাও থাকবে।
গ্রাহকের পরিবর্তনশীল চাহিদা বিবেচনায় নতুন কার্ড
সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ বলেন, গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে উন্নত আর্থিক সেবা দেওয়ার ধারাবাহিকতায় নতুন এই কার্ড চালু করা হয়েছে। আন্তর্জাতিক কেনাকাটা ও ভ্রমণের ক্ষেত্রে কার্ডটি গ্রাহকদের বিশেষ সুবিধা দেবে।
গ্লোবাল নেটওয়ার্ক অ্যান্ড পার্টনার সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট অনুরাগ গুপ্তা বলেন, আমেরিকান এক্সপ্রেসের আন্তর্জাতিক সেবার অভিজ্ঞতা ও বিশেষ সুবিধা নিয়ে বাংলাদেশে এই কার্ড চালু করতে পেরে তারা আনন্দিত।