দুদিনের অচলাবস্থা শেষে গতকাল কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছিলেন তারা। এদিকে গতকাল বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে বৈঠক করে দ্রুত সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন পুঁজিবাজারের অংশীজনরা।
প্রসঙ্গত, বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো নিয়ে গত বুধবার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তিন কমিশনারের কাছে চার দফা দাবি তুলে ধরেন কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায়ে কার্যালয়েই তাদের ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে সেনা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে চেয়ারম্যান ও কমিশনারদের উদ্ধার করেন। উদ্ধার অভিযানকালে বিএসইসির কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হন। এর প্রতিবাদে চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের এক দফা দাবিতে গত বৃহস্পতিবার থেকে কর্মবিরতির ঘোষণা দেন বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। চেয়ারম্যান ও কমিশনারদের জিম্মি, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করাসহ বেশকিছু অভিযোগ এনে গত বৃহস্পতিবার বিএসইসির ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়। এ ১৬ কর্মকর্তা গতকাল অফিস করেননি।