বাংলাদেশের শেয়ারবাজার নিয়ে বিনিয়োগকারীদের একটি সাধারণ প্রশ্ন হলো, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার শেয়ারবাজার যখন ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি অর্জন করছে, তখন বাংলাদেশের বাজার কেন সেই গতিতে এগোতে পারছে না?
আমার দৃষ্টিতে এর অন্যতম প্রধান কারণ হলো তালিকাভুক্ত কোম্পানির গুণগত মান এবং বিনিয়োগকারীদের আস্থার ঘাটতি।
একটি দেশের পুঁজিবাজারের শক্তি মূলত নির্ভর করে সেখানে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মান, স্বচ্ছতা এবং ব্যবসায়িক সক্ষমতার ওপর। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের পুঁজিবাজারে এখনও এমন অনেক কোম্পানি রয়েছে, যাদের আর্থিক প্রতিবেদন, করপোরেট সুশাসন এবং ব্যবসায়িক ভিত্তি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন রয়েছে। ফলে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক তহবিল ব্যবস্থাপকরা বাজারে প্রত্যাশিত মাত্রায় অংশগ্রহণ করতে আগ্রহী হন না।
অন্যদিকে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার পুঁজিবাজারে অসংখ্য শক্তিশালী দেশি-বিদেশি ব্র্যান্ড, বহুজাতিক প্রতিষ্ঠান এবং সুপ্রতিষ্ঠিত করপোরেট কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক সক্ষমতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করে। ফলে দেশি ও বিদেশি উভয় ধরনের বিনিয়োগই সেখানে নিয়মিত প্রবাহিত হয়।
বাংলাদেশের বাজারে আরেকটি বড় সমস্যা হলো আর্থিক তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিনিয়োগকারীদের সংশয়। কোনো কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন কিংবা অডিট রিপোর্ট যদি বিনিয়োগকারীদের কাছে সম্পূর্ণ নির্ভরযোগ্য বলে মনে না হয়, তাহলে দেশি-বিদেশি স্মার্ট বিনিয়ো রীরা স্বাভাবিকভাবেই দূরে সরে যাবেন। কারণ বড় বিনিয়োগকারীরা মূলত এমন বাজারেই বিনিয়োগ করতে আগ্রহী হন, যেখানে তথ্যের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত থাকে।
আমার মতে, বাংলাদেশের পুঁজিবাজারকে শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে হলে উন্নত মানের, লাভজনক, সুশাসনসম্পন্ন এবং স্বনামধন্য কোম্পানিগুলোকে বাজারে নিয়ে আসার কোনো বিকল্প নেই। একই সঙ্গে অডিট ব্যবস্থার মানোন্নয়ন, করপোরেট গভর্ন্যান্স নিশ্চিতকরণ এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকর নজরদারিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সবশেষে একটি বিষয় স্পষ্টভাবে বলা যায়, একটি শেয়ারবাজারের প্রকৃত শক্তি শুধু সূচকের উত্থান-পতনে নির্ধারিত হয় না। এর প্রকৃত ভিত্তি হলো বিনিয়োগকারীদের আস্থা, তথ্যের স্বচ্ছতা এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর গুণগত মান। এই তিনটি ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নতি ঘটাতে পারলেই বাংলাদেশের পুঁজিবাজারও আঞ্চলিক প্রতিযোগিতায় শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
Author
-
মোঃ জসিম উদ্দিন তালুকদার দেশের পুঁজিবাজারের সাথে সরাসরি যুক্ত। তিনি উপ-মহাব্যবস্থাপক, জাহান সিকিউরিটিজ লিমিটেডের। পোর্টফোলিও পরিচালনায় সুদক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন। তিনি ২০ বছর ধরে অত্যন্ত সুনামের সহিত পুঁজিবাজারের সাথে যুক্ত আছেন।
View all posts