শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (IPO) মাধ্যমে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেডের ইলেট্রনিক সাবস্ক্রিপশন ২১ এপ্রিল বিকাল ৪টায় শুরু হয়ে চলবে ২৪ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯০২তম কমিশন সভায় টেকনো ড্রাগস লিমিটেডকে বুকবিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে ১০০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয়া হয়।
আইপিও থেকে সংগৃহীত অর্থে কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী কারখানা), ভবন নির্মাণ (গাজীপুর কারখানা), আংশিক ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭.৭৫ টাকা এবং পুনর্মূল্যায়ন ছাড়া ২২.৫৭ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৮ টাকা , বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে ইপিএস হয়েছে কোম্পানিটির যা ৩.২৫টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড ।