প্রবাসী আয়ে অর্থনীতিতে ফের স্বস্তির বার্তা, চলতি বছরের অক্টোবরের প্রথম ছয় দিনে দেশে ৬৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭ হাজার ৭৪৯ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার দেশে ১ হাজার ৬৩৫ কোটি ৯০ লাখ টাকা সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। অক্টোবরের প্রথম ছয় দিনে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৬৩ কোটি মার্কিন ডলারে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের অক্টোবরের প্রথম ছয় দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৫৫ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯২২ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।