ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ করেছে।
গতকাল রবিবার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ রোডম্যাপ প্রকাশ করা হয়।
এর আগে গত ২৯ মে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় জেদ্দায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে এবং বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের কাছে তা হস্তান্তর করে। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার কাছে আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ হস্তান্তর করেন।
রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। ৮ নভেম্বর স্বাক্ষরিত হবে দ্বিপাক্ষিক হজ চুক্তি। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ) ২০২৭ সালের হজ অনুষ্ঠিত হবে।
এছাড়া সৌদি আরবের খরচ বাবদ অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে সরাসরি স্থানান্তর কার্যক্রম চলবে চলতি বছরের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে সামগ্রিক সেবা প্যাকেজ (তাঁবু, হোটেল, ক্যাটারিং ও পরিবহন সেবা) গ্রহণের জন্য চুক্তি স্বাক্ষর শুরু হবে ২০২৬ সালের ২৯ জুলাই থেকে, যা শেষ হবে ২০২৭ সালের ২৩ জানুয়ারি।
হজযাত্রীদের ডাটা নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ১৪ আগস্ট ২০২৬ থেকে ২৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর ও নুসুক মাসারে ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে।
মন্ত্রণালয় জানিয়েছে, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।