দেশের বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকাধীন বেক্সিমকোর গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট।
রিসিভার নিয়োগ করে বেক্সিমকোর গ্রুপের সব প্রতিষ্ঠানকে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
একই সঙ্গে বেক্সিমকোর গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ বকেয়া ঋণ রয়েছে, ঋণ পরিশোধে নিয়মবহির্ভূত কি সুবিধা দেয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে। তা জানাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
আগামী (১ মাস) চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটকারি আইনজীবী।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আর সোবহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।
উল্লেখ্য, শেয়ার বাজারে বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানি ও একটি বন্ড তালিকাভুক্ত আছে। কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড। আর বন্ডটির নাম- বেক্সিমকো গ্রীন সুকক আল ইসতিনা।