বেক্সিমকো কমিউনিকেশনসের আকাশ ডিজিটাল টিভি গ্রাহকদের জন্য ডিটিএইচ (ডিরেক্ট-টু-হোম) সংযোগের সঙ্গে ‘আকাশ গো’ কম্প্যানিয়ন অ্যাপ নিয়ে এসেছে। দেশের একমাত্র ডিটিএইচ পে টিভি অপারেটরটির বিদ্যমান ও নতুন গ্রাহকরা তাদের সংযোগের সঙ্গে এখন থেকে ‘আকাশ গো’ অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
এর মাধ্যমে টেলিভিশনের পাশাপাশি মোবাইলেও লাইভ টিভি চ্যানেল দেখা যাবে।
নতুন অ্যাপটি গ্রাহকদের হটস্টার স্পেশালের মতো প্রিমিয়াম কনটেন্ট উপভোগ করারও সুযোগ দেবে। শুধু আকাশ ডিটিএইচের স্ট্যান্ডার্ড প্যাক ব্যবহারকারীরা এই কম্প্যানিয়ন অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এজন্য বাড়তি কোনো ফি বা খরচ গুনতে হবে না।
এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক অনুষ্ঠানে সোমবার সন্ধ্যায় এই পরবর্তী প্রজন্মের প্ল্যাটফর্ম উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত প্রধান অতিথি হিসেবে এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শায়ান এফ রহমান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. তারিক আলম।
অনুষ্ঠানে উপস্থিত টাটা প্লের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হরিৎ নাগপাল এবং ডিজনি স্টারের প্রধান (বিতরণ ও আন্তর্জাতিক) গুরজিভ সিং কাপুরকে ধন্যবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘স্থানীয় উদ্যোগ আকাশের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। এই অংশীদারিত্ব উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তির বিনিময়ে সহায়তা করবে। বাংলাদেশের মানুষের তথ্য ও বিনোদনের চাহিদা মেটাতে এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শায়ান এফ রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং তাঁর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের স্মার্ট বাংলাদেশ রূপকল্প এবং নেতৃত্বের কারণে আমরা এখন ডিজিটাল বিশ্বের সক্রিয় নাগরিক। শতভাগ নাগরিকের কাছে ফোন পৌঁছে যাওয়ার পাশাপাশি ৭০ ভাগের বেশি জনগণ ইন্টারনেট এবং ৬২ শতাংশের বেশি মানুষ মোবাইল ওয়ালেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন।’
নতুন আকাশ এইচডি সেট টপ বক্স অতুলনীয় এইচডি ছবি দেখার গুণমান নিশ্চিতের পাশাপাশি দ্বি-ভাষিক ইংরেজি ও বাংলা ইন্টারফেসের অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীদেরকে। উদ্ভাবনী, সহজে বোধগম্য এবং ব্যবহারকারী-বান্ধব পদ্ধতিতে চ্যানেলগুলো ও কনটেন্টগুলো সাজানো হয়েছে। এর ফলে গ্রাহকরা এখন ৩ ক্লিকে এবং ৩ সেকেন্ডের মধ্যে তাদের পছন্দের চ্যানেলগুলো দেখতে পাবেন। নতুন ইউনিভার্সাল রিমোট ব্যবহার করে গ্রাহকরা টিভি এবং সেট টপ বক্স উভয়ের মূল ফাংশনগুলো ব্যবহার করতে পারবেন, যা টিভিতে বিভিন্ন চ্যানেল দেখাকে আরও সহজ ও সুবিধাপূর্ণ করবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।