বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দীর্ঘ ৯ বছর পর আবারও ইতালির রোমে ডানা মেলেছে। গতকাল মঙ্গলবার (২৬শে মার্চ) রাতে আনুষ্ঠানিকভাবে ফ্লাইটটির উদ্বোধন করা হয়। এরপর রাত সাড়ে ৩টায় ২০০ জন যাত্রী নিয়ে বিজি-৩৫৫ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।
ফ্লাইটটি রোমে পৌঁছাবে ২৭শে মার্চ স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়।
ফিরতি বিজি-৩৫৬ ফুল ফ্লাইট রোম থেকে ২৭শে মার্চ সকাল সোয়া ১০টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে পরের দিন স্থানীয় সময় রাত সোয়া ১২টায়।
এর আগে রাত সাড়ে ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, বিমান পর্ষদ চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, বিমানের পরিচালক পরিচালক (বিপণন ও বিক্রয়) মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ।
বাংলাদেশ বিমান জানিয়েছে, ইউরোপে বিমানের তৃতীয় গন্তব্য হতে যাচ্ছে রোম। বর্তমানে লন্ডন ও ম্যানচেস্টারে ফ্লাইট পরিচালনা করছে বিমান।
বিমান জানিয়েছে, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে রোম ফ্লাইট পরিচালিত হচ্ছে। প্রথম ফিরতি ফ্লাইটে বিজনেস ক্লাসে ৭ জন এবং ইকোনমি ক্লাসে ২৪৭ জন যাত্রা করবেন। ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজে যাত্রী ধারণক্ষমতা বিজনেস ক্লাসে ২৪ এবং ইকোনমি ক্লাসে ২৪৭ জনসহ মোট ২৭১ জন।
বিমান জানিয়েছে, ১ এপ্রিল থেকে গ্রীষ্মকালীন সূচি অনুযায়ী প্রতি সোম, মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৪টায় যাত্রা করে রোমে পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে এবং রোম থেকে স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে পরের দিন রাত ১২টা ৩০ মিনিটে।
১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে বিক্রয়ের জন্যে ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের টিকেটসমূহ উন্মুক্ত করে।
যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট ক্রয় করতে পারছেন। নতুন রুট উপলক্ষ্যে দেওয়া হয়েছে ১৫-২০% পর্যন্ত বিশেষ ছাড়।
বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে রোম ফ্লাইট পরিচালিত হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।