পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (PLFSL) পরিচালনা পর্ষদ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।কোম্পানিটি, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিবর্তে “সোনার বাংলা লিজ ফিন্যান্স পিএলসি” নাম রাখবে।পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য আগামী ২৬ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে।কোম্পানির ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ১৫ ডিসেম্বর তারিখে।
উল্লেখ্য ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯, ২০ ও ২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিপলস লিজিংয়ের। তথ্যানুসারে, ২০২১ হিসাব বছরে পিপলস লিজিংয়ের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১৪ টাকা ৪০ পয়সা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ১১৫ টাকা ৩৪ পয়সায়।
২০১৯ সালের ১৪ জুন পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন প্রথমবারের মতো স্থগিত করে দুই স্টক এক্সচেঞ্জ। লিস্টিং রেগুলেশনের ধারা ৫০ (১) অনুসারে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত করা হয়। পরবর্তী সময়ে ১৫ দিন পর পর এ স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হচ্ছে।
২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া পিপলস লিজিংয়ের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২৮৫ কোটি টাকা ৪৪ লাখ ১০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭৯ কোটি ৬০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৫৯৭।