অবশেষে অপেক্ষার পালা হল শেষ। এবার শুরু মাঠের আনুষ্ঠানিক লড়াই। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আজ বৃহস্পতিবার(৫ই অক্টোবর) মুখোমুখি হচ্ছে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। কেইন উইলিয়ামসন না থাকায় কিছুটা ব্যাকফুটে রয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ড বেন স্টোকসের অপেক্ষায় থাকলেও তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। ৩২ বছর বয়সী ইংলিশ অলরাউন্ডার নিতম্বের ছোটখাটো সমস্যায় ভুগছেন।
এদিকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ১ লাখের বেশি সমর্থককে জায়গা করে দিতে নিজেদের কাজ শেষ করেছেন আয়োজকরা।

তবে মাঠের লড়াইয়ে নামার আগে নিজেদের শেষ অনুশীলনে মন ভালো ছিল না গতবারের রানার্সআপদের। নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনকে পাচ্ছেন না তারা প্রথম ম্যাচে। এছাড়া কিউই শিবিরে চিন্তা আছে আরও একটি। টিম সাউদির সার্ভিসও আপাতত পাবে না তারা।
ফলে বোল্টের হাতেই থাকবে বোলিং অ্যাটাকের নেতৃত্ব। যদিও সেটি নিয়ে খুব বেশি ভাবছে কিউইরা, তা কিন্তু নয়। বরং সাময়িক দায়িত্ব পাওয়া টম লাথামের মগজে-মননে ঘুরছে প্রতিশোধ নামক একটা শব্দ। ২০১৯ সালের ফাইনাল হারের সেই স্মৃতি এখনও দগদগে ঘা হয়ে আছে ব্ল্যাকক্যাপদের কাছে। প্রথম ম্যাচে নামার আগে প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট কিউই টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ে উজ্জীবিত রয়েছে পুরো দল।
ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত ৯৫ বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এতে ৪৫ বার জিতেছে ইংল্যান্ড। আর নিউজিল্যান্ডের জয় ৪৪ ম্যাচে। টাই হয়েছে ২ ম্যাচ, আর পরিত্যক্ত ৪টি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।