রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উল্টো দিকের সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচাতো ভাই-বোন নিহত হয়েছেন। নিহতরা হলেন— জান্নাতুল ফেরদৌস জান্নাতি (২০) ও শামীম মৃধা (৩৫)।
বৃহস্পতিবার দিনগত রাত (৩০শে জুন) দুইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে শুক্রবার ভোর পৌনে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতিকে মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেল চালক শামীম মৃধা চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান। মৃত শামীমের ভাগ্নি আহত সাদিয়া (৮) চিকিৎসাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ মিয়া। তিনি বলেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ক্যান্টনমেন্ট থানায় অবগত করা হয়েছে। এ দুর্ঘটনায় আহত সাদিয়া নামে আরও একজন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।