অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

সুদবিহীন সহজ শর্তে ৩৯ পোশাক কারখানার জন্য ঋণ চেয়েছে বিজিএমইএ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে কাজ বন্ধ থাকা ৩৯টি তৈরি পোশাক কারখানার জন্য সুদবিহীন সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।

সংগঠনটি বলেছে, এসব কারখানার শ্রমিকদের বেতন-ভাতা সময় মতো পরিশোধের জন্য এ ঋণ প্রয়োজন। 

অর্থ উপদেষ্টার কাছে লেখা এক চিঠিতে এ অনুরোধ করেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। ঐ চিঠির সঙ্গে সাভার-আশুলিয়া এলাকার ৩৯টি ক্ষতিগ্রস্ত কারখানার একটি তালিকাও যুক্ত করে দেওয়া হয়।

চিঠিতে খন্দকার রফিকুল ইসলাম উল্লেখ করেন, বর্তমানে ঐ প্রতিষ্ঠানগুলো দারুণ আর্থিক সংকটের মধ্যে রয়েছে। ফলে এসব কারখানার শ্রমিক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন সময় মতো পরিশোধ করা দুরূহ হয়ে পড়বে। এ কারণে তাদের জন্য সুদবিহীন সহজ শর্তে ঋণ প্রদান করা জরুরি।

বিজিএমইএ জানায়, গত সেপ্টেম্বর মাসে শ্রমিক অসন্তোষের কারণে সাভার-আশুলিয়া এলাকার ৩৯টি কারখানায় প্রায় ২০ দিন ধরে উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। তবে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিষ্ঠানগুলোকে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতাসহ যাবতীয় স্থায়ী খরচ পরিশোধ করতে হয়।

বন্ধ থাকা ৩৯টি কারখানায় ৫৬ হাজার ৩৫১ জন শ্রমিক-কর্মচারী কাজ করছেন। সেপ্টেম্বর মাসে তাদের শুধু বেতন-ভাতা বাবদ ৫৮ কোটি ৬১ লাখ ৮৪ হাজার ৬৪৭ টাকা পরিশোধ করতে হবে।

চিঠিতে বলা হয়, শ্রমিক অসন্তোষের কারণে তৈরি পোশাক খাতের চলমান রপ্তানি আদেশগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। ক্রেতার নির্ধারিত লিড টাইমের মধ্যে পণ্য রপ্তানি করতে না পারার কারণে রপ্তানি আদেশ বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। আবার অনেক ক্রেতা মূল্যছাড় (ডিসকাউন্ট) দাবি করছেন।

এমন অবস্থায় দেশের সর্ববৃহৎ রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে ক্ষতিগ্রস্ত ৩৯টি প্রতিষ্ঠানকে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পরিশোধের জন্য সুদবিহীন সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করতে অর্থ উপদেষ্টার কাছে বিশেষভাবে অনুরোধ জানান খন্দকার রফিকুল ইসলাম।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।