সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন www.facebook.com/OrthoLipi
রাজধানীর এলিফ্যান্ট রোডের সায়েন্সল্যাবে একটি তিনতলা ভবন আংশিক ধসে পড়েছে। এর আগে ভবনটিতে বিকট শব্দে বিস্ফোরণের শব্দ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ভবনটিতে ১০টা ৫২ মিনিটে দুর্ঘটনা ঘটে। সেখানে কয়েক মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে পলাশী, ধানমন্ডি টহল এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনসহ মোট চারটি ইউনিট কাজ করে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটি-কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ শহিদুল্লাহ জানান, শিরিন ম্যানশন নামে এই ভবনটির তিন তলায় ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির অফিস রয়েছে। তবে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা আসছেন, তারা আসলে তদন্তের পর জানা যাবে কী কারণে এই বিস্ফোরণটি ঘটেছে।
তিনি জানান, বিস্ফোরণের সময় দেয়ালের কিছু অংশ পড়ে সড়কে দাঁড়িয়ে থাকা এক সিএনজি চালক আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন। তবে বিস্ফোরণের সময় ভেতরে ঠিক কতজন ছিলেন তা জানা যায়নি।