দেশে এখন থেকে সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির দিনই আসলসহ মুনাফার টাকা পাওয়া যাবে। গ্রাহকের ভোগান্তি কমাতে বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এ বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে।
উল্লেখ্য, সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ হওয়ার পর আসল টাকা তুলতে সরকারি প্রতিষ্ঠান দ্বারে দ্বারে ঘুরতে হয় গ্রাহকদের। হতে হয় নানা হয়রানির শিকার। নতুন এ নির্দেশনার ফলে এ ভোগান্তি দূর হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বলেছে, জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বিক্রি করা সঞ্চয়পত্রের মুনাফা বা সুদ সময় মতো গ্রাহকদের কাছে পাঠানো নিশ্চিত করতে হবে। এ জন্য সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির তারিখেই মুনাফাসহ মূল অর্থ বাংলাদেশ ব্যাংকের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে গ্রাহকের হিসাবে জমা করতে হবে।
জাতীয় সঞ্চয় স্কিমের আওতাধীন সঞ্চয়পত্র, সঞ্চয় বন্ড বিক্রি ও বিক্রির পর অন্যান্য সেবা যথাযথভাবে দেওয়া হবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।