বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের একটি বড় অংশই দ্রুত মুনাফার আশায় স্বল্প সময়ের মধ্যে লাভ করার পরিকল্পনা করেন। তবে বাস্তবতা বলছে, শেয়ারবাজারে টেকসই সফলতা অর্জন করতে হলে কৌশল, ধৈর্য এবং জ্ঞানের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দ্রুত লাভের মানসিকতা: সবচেয়ে বড় ভুল
বাজারে নতুন আসা অনেক বিনিয়োগকারীই মনে করেন, “নিউজ দেখে শেয়ার কিনব, দুই-তিন দিনে বিক্রি করে লাভ তুলে নেব।” প্রথমদিকে কিছুটা লাভ হলেও, অধিকাংশ ক্ষেত্রেই এই পদ্ধতি দীর্ঘমেয়াদে ক্ষতির দিকে নিয়ে যায়।
বাজার বিশ্লেষকদের মতে, অল্প কিছু লাভের পর অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি হয়, যা পরবর্তীতে বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই পরে বাজার, নিয়ন্ত্রক সংস্থা ও ব্রোকারেজ হাউজকে দায়ী করে বাজার থেকে সরে যান।
ট্রেডিং বনাম বিনিয়োগ: পার্থক্য কোথায়
শেয়ারবাজারে মূলত দুটি পদ্ধতি প্রচলিত—ট্রেডিং ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ।
ট্রেডিং করতে হলে প্রতিদিন বাজার পর্যবেক্ষণ করা, দাম, ভলিউম ও ট্রেন্ড বিশ্লেষণ করা জরুরি। এটি মূলত টেকনিক্যাল এনালাইসিস নির্ভর একটি সক্রিয় কাজ, যা সময় ও দক্ষতা দাবি করে।
অন্যদিকে, দীর্ঘমেয়াদি বিনিয়োগ ফান্ডামেন্টাল বিশ্লেষণের উপর ভিত্তি করে গড়ে ওঠে। একটি ভালো কোম্পানির শেয়ার দীর্ঘ সময় ধরে ধরে রাখলে লভ্যাংশ ও মূলধন বৃদ্ধির মাধ্যমে স্থিতিশীল রিটার্ন পাওয়া সম্ভব।
নতুন বিনিয়োগকারীদের জন্য পরামর্শ
নতুনদের জন্য সবচেয়ে নিরাপদ পথ হলো সীমিত পরিমাণে বিনিয়োগ শুরু করা। ধীরে ধীরে বাজার বোঝার পাশাপাশি কিছু অংশ দিয়ে স্বল্পমেয়াদি ট্রেড করা যেতে পারে। তবে পুরো মূলধন দিয়ে ট্রেডিংয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।
মোর্দা কথা নিয়মিত বাজার পর্যবেক্ষণ করতে পারেন না, তাদের জন্য ট্রেডিং উপযুক্ত নয়।
অবসরপ্রাপ্ত বিনিয়োগকারীদের জন্য সতর্কতা
অবসরপ্রাপ্ত বা অবসরের কাছাকাছি থাকা ব্যক্তিদের ক্ষেত্রে বড় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। জীবনের মৌলিক ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ আলাদা রেখে তবেই শেয়ারবাজারে অংশ নেওয়া উচিত।
দীর্ঘমেয়াদি বিনিয়োগের শক্তি
ইতিহাস বলছে, ভালো মৌলভিত্তি সম্পন্ন শেয়ারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ সবচেয়ে লাভজনক হতে পারে। বাংলাদেশে বেশকিছু মৌলভিত্তিক শেয়ারে দীর্ঘ সময় ধরে বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য রিটার্ন পেয়েছেন।
ঝুঁকিপূর্ণ দিক: ট্রেডিংয়ের বাস্তবতা
স্বল্পমেয়াদি ট্রেডিংয়ে বাজারের ওঠানামা বেশি প্রভাব ফেলে। একই সঙ্গে ভুল তথ্য বা গুজবভিত্তিক নিউজে সিদ্ধান্ত নিলে বড় ধরনের ক্ষতির ঝুঁকি থাকে। অনেক সময় অভিজ্ঞতা না থাকায় বিনিয়োগকারীরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
শেয়ারবাজারে সফলতা নির্ভর করে ব্যক্তির বয়স, মানসিকতা, সময় ও ঝুঁকি গ্রহণের ক্ষমতার ওপর। কেউ শুধু ট্রেডিং করবেন, কেউ শুধু বিনিয়োগ করবেন—এমন একক নিয়ম নেই। তবে যেকোনো সিদ্ধান্তের আগে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল বিশ্লেষণ জানা অত্যন্ত জরুরি।
সঠিক জ্ঞান ও ধৈর্য থাকলে শেয়ারবাজার সত্যিই একটি সম্ভাবনাময় বিনিয়োগের ক্ষেত্র হতে পারে।
Author
-
মোঃ জসিম উদ্দিন তালুকদার দেশের পুঁজিবাজারের সাথে সরাসরি যুক্ত। তিনি উপ-মহাব্যবস্থাপক, জাহান সিকিউরিটিজ লিমিটেডের। পোর্টফোলিও পরিচালনায় সুদক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন। তিনি ২০ বছর ধরে অত্যন্ত সুনামের সহিত পুঁজিবাজারের সাথে যুক্ত আছেন।
View all posts