আজ বৃহস্পতিবার থেকে ভোলার গ্যাস সরবরাহ শুরু হবে ঢাকার শিল্প-কারখানাগুলোতে। এই গ্যাস সিএনজিতে (সংকুচিত প্রাকৃতিক গ্যাস) রূপান্তর করে তিতাস গ্যাসের বিতরণ এলাকার শিল্পে সরাসরি সরবরাহ করবে ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড। দ্বীপজেলা ভোলা থেকে উত্তোলিত গ্যাস সঞ্চালন লাইন না থাকায় জাতীয় গ্রিডে আনা যাচ্ছিল না।
দেশের গ্যাসসংকট নিরসনে এবং শিল্প-কারখানার উৎপাদন ঠিক রাখতে ভোলার কূপ থেকে গ্যাস সিএনজিতে রূপান্তর করে আনার উদ্যোগ নিয়েছে সরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো কম্পানি ভোলার গ্যাস সিএনজি করে আনতে চলতি বছরের মে মাসে সুন্দরবন গ্যাস কম্পানির সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তি সূত্রে জানা গেছে, ইন্ট্রাকো সরকারের কাছ থেকে প্রতি ঘনমিটার গ্যাস ১৭ টাকায় কিনে ৪৭ টাকা ৬০ পয়সায় বিক্রি করবে।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, প্রথম ধাপে চার-পাঁচ মাসের মধ্যে দৈনিক পাঁচ মিলিয়ন ঘনফুট গ্যাস রূপান্তর করে তা ঢাকায় সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস এক বছরের মধ্যে সরবরাহ করা হবে। মূলত গ্যাসকে চাপের মাধ্যমে তরলে পরিণত করে তা ট্যাংকে জমানো হয়। এই প্রক্রিয়ায় গ্যাসকে তরলীকরণ করে তা পরিবহন করা হবে।
জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সঞ্চালন লাইন না থাকায় ভোলা থেকে উত্তোলন করা গ্যাস জাতীয় গ্রিডে আনা যাচ্ছে না।
এ অবস্থায় ভোলার গ্যাস সিএনজি আকারে পরিবহন করে শিল্প-কারখানায় সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এটিই দেশে প্রথমবারের মতো কোনো গ্যাসক্ষেত্র, যা থেকে সরাসরি সিএনজি করে গ্যাস নিয়ে শিল্পে সরবরাহ করা হচ্ছে। সিএনজি আকারে এই গ্যাস এনে শিল্পে দেওয়া গেলে তা শিল্প খাতে বড় ভূমিকা রাখবে বলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
১৯৯৫ সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার করে বাপেক্স। একই সংস্থা ২০১৮ সালে আবিষ্কার করে ভোলার দ্বিতীয় গ্যাসক্ষেত্র ভোলা নর্থ। চলতি বছরে ইলিশা-১ কূপকে ভোলার তৃতীয় গ্যাসক্ষেত্র এবং দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা করা হয়। ভোলায় এই তিনটি গ্যাসক্ষেত্রে ৯টি কূপ রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।