দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে ক্রিকেটারদের হাতে নতুন ব্যাট তুলে দিয়েছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটর তামিম ইকবাল। তবে সেই ব্যাটের টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিবে বলে জানা গেছে।
আগামী ১৯শে জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের লড়াই। এর আগে গত ৫ই জানুয়ারি ইয়াং টাইগারদের হাতে নতুন সিএ ব্যাট তুলে দিয়েছিলেন তামিম। ধারণা করা হয়েছিল, ব্যাটের স্পন্সরশিপ তামিম নিজেই করেছেন। তবে বিসিবি থেকে ভিন্ন দাবি করা হয়েছে।
গণমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘তামিমের দেওয়া ১৫টি ব্যাটের টাকা বিসিবি পরিশোধ করবে। প্রতিটি ব্যাটের দাম পড়েছে ৫৪ হাজার টাকার ওপরে (৫০০ মার্কিন ডলার)। এই হিসাবে ১৫টি ব্যাটের দাম পড়ে ৮ লাখ ২১ হাজার টাকার ওপরে (৭ হাজার ৫০০ মার্কিন ডলার)। আর সেগুলো আনার জন্য ৭১ হাজার টাকার ওপরে (৬৫০ মার্কিন ডলার) ভ্যাট লেগেছে। সব মিলিয়ে ৮ লাখ ৯২ হাজার টাকার ওপরে (৮ হাজার ১৫০ মার্কিন ডলার) আসে। সেগুলো বিসিবি দিয়ে দেবে।’
এ দিকে তরুণ ক্রিকেটারদের হাতে ব্যাট তুলে দেওয়ার পরে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ম্যানেজার হান্নান সরকার বলেছিলেন, ‘বিশ্বকাপের আগে ক্রিকেটাররা ভালো ব্যাটের জন্য মরিয়া হয়েছিল। কয়েকজনের ব্যাটের বিষয়ে আমি তামিম ইকবালকে জানাই। তিনি আমাকে বললেন, তিন-চারটা নয়, ১৫ জনের জন্যই ব্যাট দিতে চাই। তিনি নিজেই এই ব্যাট বহন করে দেশে নিয়ে এসেছেন।’
জানা গেছে, তামিম ব্যাটের বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এই মুহূর্তে বিসিবি কেন অর্থ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে, সেটি জানা যায়নি। এ দিকে অনূর্ধ্ব-১৯ দলের ৮ জন ক্রিকেটারের সঙ্গে ১ বছরের স্পন্সরশিপের চুক্তি করেছে মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস ও হোসাইন মোহাম্মদ আফতাব শাহীনের কোম্পানি এমকেএস।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।