গত এক সপ্তাহে তিন দফা বাড়ার পর দেশের বাজারে এবার সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম কমেছে সাত হাজার ১১৫ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম পড়বে দুই লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।
গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ১০ হাজার ৯৬৪ টাকা। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ছয় হাজার ৮২৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৯ হাজার ৭৮১ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পাঁচ হাজার ৮৩২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম চার হাজার ৭২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।