দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার হোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ডিএসইর একজন শেয়ারহোল্ডার পরিচালকের শূন্য পদে মিনহাজ মান্নান ইমন ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ১০ ডিসেম্বর ডিএসইর পরিচালনা পর্ষদের একটি শূন্য পদে নির্বাচন করার জন্য ডিএসইর পরিচালনা পর্ষদ গত ১৬ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদকে চেয়ারম্যান করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন ডিএসইর শেয়ারহোল্ডার প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও দেওয়ান আজিজুর রহমান।
নির্বাচন কমিশন একজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য গত ২৮ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিল অনুসারে, ১২-১৭ নভেম্বর পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়। ওই সময়ের মধ্যে শুধু বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের শেয়ারহোল্ডার প্রতিনিধি মিনহাজ মান্নান ইমন মনোনয়নপত্র দাখিল করেন।
ফলে নির্বাচন কমিশন ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক পদে বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমনকে বিজয়ী ঘোষণা করে। তিনি সংস্থাটির বর্তমান শেয়ারধারী পরিচালক শরিফ আনোয়ার হোসেনের স্থলাভিষিক্ত হবেন।