মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান কট্টরপন্থী নেতা ডোনাল্ড ট্রাম্প। আর নিজেদের মতো প্রস্তুতি নিতে শুরু করেছে বিশ্বের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। কারণ একটাই, নির্বাচনে জেতার আগেই ট্রাম্প বলে দিয়েছিলেন, এবার তিনি শুল্ক বাড়াবেন।
আর তাই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নিজেদের মতো প্রস্তুত থাকতে হবে আমেরিকার জনগণকে। কেননা ট্রাম্প এলে কিছু জিনিসের দাম বেড়ে যাবে। এমন ইঙ্গিত তো তিনি আগেই দিয়ে রেখেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বাণিজ্য ঘাটতি কমাতে বিদেশি পণ্যের ওপর নতুন ১০ শতাংশ শুল্ক আরোপ করতে চান ট্রাম্প। আর চীন থেকে আমদানি করা পণ্যে শুল্ক বাড়াতে চান অতিরিক্ত ৬০ শতাংশ।
ক্ষমতায় যাওয়ার পর এই নীতিতেই হাঁটতে পারেন ট্রাম্প। আর এমন হলে বেশকিছু জিনিস বাড়তি দামে কিনতে হবে আমেরিকার মানুষদের।
প্রথমেই আসা যাক কাপড় ও জুতার দিকে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, বিদেশি পণ্যের ওপর শুল্ক বাড়ানো হলে কাপড়ের দাম ১০-২৫ শতাংশ বেড়ে যেতে পারে। এর মানে, একটি জিন্স কিনতে হলে ৬২.৫০ ডলার খরচ হবে। আগে ৫০ ডলার খরচ হতো।
এ ছাড়া জুতা কিনতে হলে এখন ১২৫ ডলার খরচ করতে হবে। আগে খরচ করা লাগতো ১০০ ডলার।
প্রযুক্তি পণ্যের দামও বেড়ে যেতে পারে। বিশেষ করে এলজি ও স্যামসাংয়ের পণ্য। এরই মধ্যে এসব প্রতিষ্ঠান পরিস্থিতির সঙ্গে দাম বাড়াতে শুরু করেছে। সেমিকন্ডাক্টর ও ব্যাটারির দামও বেড়ে গেছে। ল্যাপটপ কিনতে খরচ বেড়ে যাবে।
এ ছাড়া ফার্নিচার কিনতে গেলেও বাড়তি ডলার গুণতে হবে আমেরিকানদের। শুল্ক আরোপ করা হলে ফার্নিচারের দাম বেড়ে যেতে পারে সর্বোচ্চ ৩০ শতাংশ। বেড়ে যাবে সোলার প্যানেলের দাম। এর বাইরে দাম বাড়তে পারে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের।
তবে ট্রাম্প ইতিমধ্যেই মূল্যস্ফীতি থামানোর প্রতিশ্রুতি দিয়েছেন। জো বাইডেনের আমলে আমেরিকায় নিত্যপণ্যের দাম রেকর্ড পরিমাণে বেড়েছে। এ ছাড়া কর কমানোর প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্প। এখন দেখার বিষয়, তাঁর আমলে জিনিসপত্রের দাম কেমন থাকে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।