বিশ্বকাপ চলাকালীন সময়ে দেশে এসে অনুশীলন ও সাথে বিজ্ঞাপনের শুটিং করে গেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এবার কলকাতা থেকে গতকাল বুধবার (১লা নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় পা রেখেছেন লিটন দাস। হঠাৎ লিটনের দল ছেড়ে দেশে আসার কারণ জানিয়েছেন বিসিবি কর্মকর্তা।
জানা গেছে, লিটন দাসের স্ত্রী দেবশ্রী সঞ্চিতা সন্তানসম্ভবা। সে কারণেই হুট করে তার দেশে ফিরে আসা। গতকাল বুধবার কলকাতা থেকে বাংলাদেশের বিমানের ফ্লাইট ধরেন তিনি। দেশে আসলেও শিগগিরই ভারতে চলে যাবেন তিনি।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৬ই নভেম্বর। ওই দিন দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে লঙ্কানদের মুখোমুখি হবে তারা। ওই ম্যাচের আগেই ভারতে ফিরবেন টাইগার ব্যাটার। ৩রা নভেম্বর কিংবা ৪ঠা নভেম্বর ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন লিটন দাস।
লিটন দেশে ফিরে আসলেও বাংলাদেশ দল দিল্লিতে পৌঁছেছে। টাইগার ক্রিকেটাররা উঠেছে লা মেরিডিয়ান হোটেলে।
লিটন দাসের মতো সাকিবও বিশ্বকাপের মাঝে হুট করে দেশে ফিরে এসেছিলেন। নেদারল্যান্ডস ম্যাচের আগে পারফরম্যান্স ঝালাই করে নিতে মিরপুরে শৈশবের গুরু নাজমুল আবেদীন ফাহিমের শরণাপন্ন হন তিনি। যা নিয়ে তুমুল বিতর্কও হয় দেশজুড়ে। দুদিন অনুশীলন শেষে আবার ভারতে চলে যান বাংলাদেশ ক্যাপ্টেন সাকিব।