দেশের শেয়ারবাজারে এসএমই খাতে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেডের কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) সাবস্ক্রিপশন আগামী ২১শে এপ্রিল শুরু হয়ে চলবে ২৫শে এপ্রিল পর্যন্ত।
কিউআইও সাবস্ক্রিপশন করতে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ই এপ্রিল। অর্থাৎ কিউআইও সাবস্ক্রিপশনের জন্যে ঐ দিন বিনিয়োগকারীদের ৩০ লাখ টাকার সম পরিমাণ টাকার ম্যাচিউরড শেয়ার থাকতে হবে।
উল্লেখ্য, গত ১৪ই ফেব্রুয়ারি কোম্পানিটিকে কিউআইওর মাধ্যমে ৫ কোটি টাকার মূলধন উত্তোলনের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৯০০তম কমিশন সভায় বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলামের সভাপতিত্বে এ অনুমোদন দেয়া হয়।
সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০টাকা অভিহিত মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যালান্সিং, আধুনিকায়ন, বিস্তার ও প্রতিস্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ৩০শে জুন সমাপ্ত ২০২৩, হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৫টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৭২ টাকা। এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী তিন বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।