আজ হয়ে গেল এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। কিন্তু এটা কি লড়াই ছিল! এশিয়া কাপে এমন ফাইনাল আর কখনো দেখা যায়নি।
এশিয়া কাপের ফাইনালে তাণ্ডব চালিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। তার আগুন ঝড়া বোলিংয়ে মাত্র ৫০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। আর এই রান ১০ উইকেট হাতে লক্ষ্য টপকে গেছে ভারত। সেই সঙ্গে এশিয়া কাপের অষ্টম শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত। এশিয়া কাপের ফাইনাল খেলা দেখে মনে হয়ছে কোন পাড়ার দলের সাথে খেলছিল ভারত।
ফাইনালে যে প্রতিদ্বন্দ্বিতা আশা করা হয়েছিল তার লেশ মাত্র ছিল না। ভারতের কাছে পাত্তা পায়নি স্বাগতিক শ্রীলংকা। মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়াদের গতির তোপে স্রেফ উড়ে যায় লংকানরা।
লংকানদের ৫০ রানে গুঁড়িয়ে দিয়ে ৬.১ ওভারে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায় ভারত। এই জয়ে এশিয়া কাপের ১৬তম আসরের ইতিহাসে রেকর্ড অষ্টম শিরোপা জিতে নেয় ভারত।
রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিকরা।
ভারতীয় তিন তারকা পেসার মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহের গতিতে দিশেহারা হয়ে যান লংকান ব্যাটারেরা।
ইনিংসের শুরু থেকে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৫.২ ওভারে ৫০ রানেই অলআউট হয় শ্রীলংকা।
ভারতীয় তারকা পেসার মোহাম্মদ সিরাজ এক ওভারেই শ্রীলংকার ৪ উইকেট শিকার করেন।এই তারকা পেসার ৭ ওভারে এক মেডেনসহ ২১ রানে শিকার করেন ৬ উইকেট।
২.২ ওভারে মাত্র ৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেন ভারতীয় অলরাউরান্ডার হার্দিক পান্ডিয়া। ৫ ওভারে ২৩ রানে এক উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ।
৫১ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৬.১ ওভারে ১০ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দলের জয়ে ১৯ বলে ২৭ আর ১৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন শুভমান গিল ও ইশান কিষান।
এমন ফাইনাল ম্যাচ হয়েছে যে লোকজন খেলা দেখতে বসার আগেই খেলা শেষ হয়ে গিয়েছে। এমন নিস্প্রান ফাইনাল ম্যাচ আগে কখনো দেখেনি এশিয়াবাসী।