শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (AIL) কোম্পানিটি, রয়্যাল ডেনিম লিমিটেড এবং ডায়মন্ড ড্রেজিং লিমিটেড নামের দুটি রপ্তানিমুখী ডেনিম প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিনে নেয়ার পরিকল্পনা করেছে।
আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড(AIL) আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে, বস্ত্র খাতের শতভাগ রপ্তানিমুখী ডেনিম প্রস্তুতকারী কোম্পানি রয়্যাল ডেনিম লিমিটেড ও ড্রেজিং কোম্পানি ডায়মন্ড ড্রেজিং লিমিটেডের মালিকানা কিনে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
আলিফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: আজিমুল ইসলামকে প্রচলিত আইনি প্রক্রিয়া ও আনুষঙ্গিক বিষয়গুলো গুরুত্বসহকারে যথাযথভাবে সম্পন্ন করে কোম্পানি দুটির মালিকানা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদ নির্দেশ দিয়েছে।
এছাড়া পরবর্তী সিদ্ধান্তের জন্য এমডি মো: আজিমুল ইসলামকে ওই কোম্পানি দুটির সম্ভাব্যতা প্রতিবেদনসহ সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র, ক্রয়ের আনুমানিক খরচ এবং অর্থায়নের পদ্ধতি বিস্তারিতভাবে ৩০ কার্যদিবসের মধ্যে বোর্ডের কাছে জমা দিতে বলা হয়েছে ।
তবে কোম্পানি দুটি কত টাকায় বা কি চুক্তিতে আলিফ ইন্ডাস্ট্রিজ কিনছে তা উল্লেখ করা হয়নি।
আলিফ ইন্ডাস্ট্রিজ আরো জানিয়েছে, শতভাগ রপ্তানিমুখী রয়্যাল ডেনিম লিমিটেডের মালিকানা গ্রহণের প্রক্রিয়া শুরু করতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো: আজিমুল ইসলামকে অনুমোদন দিয়েছে কোম্পানির ব্যবস্থাপনা বোর্ড। প্রতি মাসে ৭,৫০,০০০ ইয়ার্ড ডেনিম প্রস্তুতের সক্ষমতা রয়েছে রয়্যাল ডেনিম লিমিটেডের। কারখানাটি কুমিল্লা ইপিজেডে (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) অবস্থিত।
একইভাবে আলিফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা বোর্ড ড্রেজিং কোম্পানি ডায়মন্ড ড্রেজিং লিমিটেডের মালিকানা গ্রহণের আইনানুগ প্রক্রিয়া শুরু করার জন্য কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) অনুমোদন দিয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (AIL) অনুমোদিত মূলধন ৪০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৪ কোটি ২৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৫৮ কোটি ৩৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ৫১ হাজার ৬৬৯।
এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৩.৩৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০.৬৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৫.৯৮ শতাংশ শেয়ার রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।