আবারও বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
আগামীকাল বুধবার (২৩ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বৃদ্ধির তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। এর আগে সর্বশেষ গত ১৯ অক্টোবর প্রতি ভরিতে দুই হাজার ৬১২ টাকা দাম বাড়িয়ে মূল্য নির্ধারণ করেছিল বাজুস।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৩৫ হাজার ৫০১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ১৬ হাজার ১৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯৫ হাজার ৪২৩ টাকা করা হয়েছে।