বাংলাদেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) ও কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই)।
এ লক্ষ্যে সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত ৩ মে রাজধানীর গুলশানে কেবিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে কেবিসিসিআই’র সভাপতি শাহাব উদ্দীন খান, মহাসচিব মিলিয়ন পার্ক এবং পরিচালক চৈতন্য কুমার দে উপস্থিত ছিলেন। অন্যদিকে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ এম ওমর তায়ুব। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অংশীদারত্বের মূল লক্ষ্য হলো বাংলাদেশে কোরীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়ানো এবং দেশের পুঁজিবাজারে তাদের প্রবেশ আরও সহজ করা। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষায়িত আর্থিক সেবা নিশ্চিত করাও এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
চুক্তির আওতায় কেবিসিসিআই সদস্যদের জন্য পিবিআইএল বিভিন্ন ধরনের সেবা প্রদান করবে। এর মধ্যে রয়েছে মূলধন সংগ্রহ ও ব্যবসায়িক পরামর্শ, দক্ষ পোর্টফোলিও ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগ তদারকি এবং বিশেষ সুবিধার ভিত্তিতে ডিসক্রিশনারি ইনভেস্টমেন্ট সেবা প্রদান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের এমডি ও সিইও সৈয়দ এম ওমর তায়ুব বলেন,“এই সহযোগিতা কৌশলগত বিনিয়োগ সহজ করতে আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে কোরিয়া-বাংলাদেশ বিনিয়োগ সংযোগ আরও শক্তিশালী হবে এবং বিদেশি বিনিয়োগ ও প্রবাসীদের সম্পৃক্ততার নতুন সুযোগ তৈরি হবে।”
কেবিসিসিআই সভাপতি শাহাব উদ্দীন খান বলেন,
“বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতার কারণে কোরীয় বিনিয়োগকারীদের কাছে এটি দীর্ঘমেয়াদি সম্ভাবনাময় বাজার হিসেবে বিবেচিত হচ্ছে। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা কোরীয় বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের পুঁজিবাজার ও বিনিয়োগ ব্যবস্থার সঙ্গে একটি কার্যকর সংযোগ তৈরি করতে চাই।”
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।