মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট থেকে অবসর নেয়ার সময় আনুষ্ঠানিকতার কোনো ছাপ দেখা যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে। কারণ বিসিবিকে রিয়াদ নাকি কিছুই বলেননি, অবসর নেন হুট করে। তবে টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে অবসর নেয়ার সময় রিয়াদের জন্য সংবর্ধনার আয়োজন করতে চায় বোর্ড। ক্রিকবাজের সঙ্গে সাক্ষাৎকারে এ কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সাক্ষাৎকারে ক্রিকেটারদের বিদায়ী সংবর্ধনা প্রসঙ্গে পাপনকে জিজ্ঞেস করা হয়। জবাবে বিসিবি বস বলেন, ‘এটা কঠিন, ভিন্ন ভিন্ন সময়ে তিন ফরম্যাটে আপনি কীভাবে সংবর্ধনা দেবেন? উদাহরণস্বরূপ রিয়াদের কথাই বলি। টেস্ট থেকে অবসর নেয়ার সময় ও আমাদের জানালে কিছু একটা করতে পারতাম।’
টেস্ট থেকে বিদায়ের সময় রিয়াদের জন্য বিসিবি কিছু করতে না পারলেও অন্য দুই ফরম্যাটের ক্ষেত্রে করতে চায়। পাপন বলেন, ‘সে যদি মনে করে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নেবে, তবে আমরা কিছু করতে পারব। লাসিথ মালিঙ্গা ও শচীন টেন্ডুলকারদের জন্য যেমন আয়োজন হয়েছিল। কিন্তু প্লেয়াররা না চাইলে এটা তাদের বিষয়। তবে আমরা সংবর্ধনা দেয়ার জন্য প্রস্তুত।’