হরমুজ প্রণালি দীর্ঘায়িত বন্ধ হওয়ার সম্ভাবনার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরাইলের চলমান সামরিক হামলার কারণে যদি তেলের সরবরাহ ব্যাহত হয়, তবে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে থাকবে বলে সতর্ক করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ মার্চ) ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৭ ডলার বা ২.০৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৩ দশমিক ০৭ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৯৪ ডলার বা ২ দশমিক ৬০ শতাংশ বেড়ে ৭৬ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম উৎপাদক ইরাক সংরক্ষণাগার এবং রফতানি রুটের সীমাবদ্ধতার কারণে প্রতিদিন প্রায় ১ দশমিক ৫ মিলিয়ন ব্যারেল তেল কম উৎপাদন করছে। এছাড়া, উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম এলএনজি উৎপাদক কাতারও স্বাভাবিক উৎপাদনে ফিরতে অন্তত এক মাস সময় লাগতে পারে।