বাংলাদেশে চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডির (BYD) বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস পিএলসি।
এ লক্ষ্যে সম্প্রতি বিওয়াইডির সঙ্গে কারিগরি চুক্তি সম্পন্ন করেছে তালিকাভুক্ত কোম্পানিটি। একই সঙ্গে চুক্তিটি অনুমোদন করেছে রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদ।
বিওয়াইডির গাড়ি উৎপাদনের প্রস্তুতি হিসেবে কোম্পানিটি প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ২৫০ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি কারখানা সম্প্রসারণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনে নতুন করে বিনিয়োগ করবে রানার অটোমোবাইলস।
কোম্পানি সূত্র ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
রানার অটোমোবাইলস জানিয়েছে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রেফারেন্স শেয়ার ইস্যু করে ২৫০ কোটি টাকা সংগ্রহ করা হবে। এই অর্থের ন্যূনতম ৫০ শতাংশ পরবর্তী সময়ে ইকুইটি বা মূলধনে রূপান্তর করা হবে।
এদিকে কোম্পানিটির অনুমোদিত মূলধনও দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। এটি বাড়িয়ে ৪০০ কোটি টাকা করা হবে। তবে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সময়ে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের অবহিত করতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে মূল্যসংবেদনশীল তথ্য প্রকাশ করে কোম্পানিটি।
বিওয়াইডির গাড়ি উৎপাদনে বড় বিনিয়োগ
রানার অটোমোবাইলসের এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, গত মার্চে বিওয়াইডির সঙ্গে সম্ভাব্যতা যাচাই-সংক্রান্ত চুক্তি হয়েছিল। সেই সম্ভাব্যতা যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর এবার কারিগরি চুক্তি সম্পন্ন হয়েছে। ফলে বাংলাদেশে বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের বিষয়টি চূড়ান্ত হয়েছে।
এখন নতুন মেশিনারিজ স্থাপন, কারখানা সম্প্রসারণসহ প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ করা হবে। এসব কাজে নতুন করে বিনিয়োগ করবে রানার অটোমোবাইলস।
কোম্পানিটির পরিকল্পনা অনুযায়ী, উৎপাদন শুরু না হওয়া পর্যন্ত বিওয়াইডির তৈরি গাড়ি আমদানি করে বাংলাদেশের বাজারে সরবরাহ করা হবে। পরবর্তী সময়ে স্থানীয় কারখানায় আনুষ্ঠানিকভাবে বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি উৎপাদন শুরু করবে রানার।
২০২৪ সাল থেকে বাংলাদেশে বিওয়াইডি
চীনের গাড়ি নির্মাতা বিওয়াইডি ২০২৪ সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক গাড়ি বিক্রি শুরু করে। শুরু থেকেই বাংলাদেশে বিওয়াইডির পরিবেশক হিসেবে কাজ করছে সিজি-রানার বাংলাদেশ লিমিটেড, যা রানার গ্রুপের একটি প্রতিষ্ঠান।
এবার পরিবেশক হিসেবে গাড়ি বাজারজাতের পাশাপাশি বাংলাদেশে বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের দায়িত্বও নিতে যাচ্ছে রানার অটোমোবাইলস।
বিওয়াইডির স্থানীয় উৎপাদন শুরু হলে বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির বাজারে স্থানীয় সংযোজন ও উৎপাদনের সুযোগ বাড়ার পাশাপাশি রানার অটোমোবাইলসের ব্যবসা ও বিনিয়োগ কাঠামোতেও নতুন মাত্রা যোগ হতে পারে। তবে নতুন প্রকল্পের প্রকৃত আর্থিক সুফল কতটা হবে, তা নির্ভর করবে উৎপাদন সক্ষমতা, বিনিয়োগ ব্যয়, বিক্রয় প্রবৃদ্ধি এবং বৈদ্যুতিক গাড়ির স্থানীয় বাজার সম্প্রসারণের ওপর।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।