দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের শীর্ষস্থানীয় কোম্পানি প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। সভায় গত বছরের জন্য ঘোষিত মোট ২৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। এই মধ্যে ২০ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস ছিল।
অনলাইনে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানিটির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন। সভায় অংশ নেন কোম্পানির পরিচালক খলিলুর রহমান, মোহাম্মদ আব্দুল আউয়াল. মো. সাইদুর রহমান, মোহাম্মদ আবদুল মালেক, নাসির লতিফ, মো. মুসফিকুর রহমান, নিগার জাহান চৌধুরী, নাহরীন ইয়াহিয়া, সৈয়ত মোহাম্মদ জান, তাজওয়ার এম আউয়াল, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ জামালউদ্দিন, হাসিনাতুন নাহার ও মাহাবুব আনাম; কোম্পানির উপদেষ্টা মো. রেজাউল করিম, মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ সেহাব উল্লাহ আল মনজুর, কোম্পানির কর্মকর্তা মেজর (অব.) সাদাত মো. মুসা, প্রধান আর্থিক কর্মকর্তা অমর কৃষ্ণ শীল, কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলীসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারধারী।
কোম্পানির পরিচালক ও শেয়ারধারীরা সভায় উত্থাপিত আলোচ্যসূচিতে মতামত দেন, ই–ভোটে অংশ নিয়ে এসব আলোচ্যসূচি অনুমোদন করেন। সভায় জানানো হয়, গত বছর শেষে প্রগতি ইনস্যুরেন্স প্রিমিয়াম বাবদ আয় করেছে ২৫০ কোটি টাকা। আর কর পরবর্তী মুনাফা করে ৫৫ কোটি টাকা। গত বছর বিমা কেম্পানিটি ৫২ কোটি টাকা বিমা দাবি পরিশোধ করেছে। আর বছর শেষে সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬০০ কোটি টাকায়।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় কোম্পানিটির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন বলেন, গত বছরের জন্য প্রগতি ইনস্যুরেন্স শেয়ারধারীদের জন্য মোট ২৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এটি কোম্পানির সাফল্য। এই সাফল্যের পেছনে রয়েছে বিমা গ্রাহকের বড় অবদান, পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা, কোম্পানির কর্মকর্তা–কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও কর্মনিষ্ঠা। সভায় কোম্পানি সচিব ও প্রধান অর্থ কর্মকর্তা শেয়ারধারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।